বান্দরবানে সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ৬

বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় দুই সন্ত্রাসী দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (০৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রদিপ চাকমা, ডেভিড মারমা, জয় ত্রিপুরা, ডিতেন ত্রিপুরা, মিলন চাকমা ও রতন তঞ্চগ্যা। এরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন, নিইয় চাকমা, বিদ্যুৎ ত্রিপুরা ও হ্লাওয়ংচি মারমা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি শুরু হয়। এ সময় জেএসএস এমএন লারমা গ্রুপের ৬ সদস্য নিহত হন।

জেলার ৬নং নোয়াপতং ইউনিয়নের সদস্য মিচি মার্মা জানান, গুলিবিদ্ধ ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতংক বিরাজ করছে। বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর