বর্তমান সময়ে মানুষের জীবনের বড় একটি অংশ হচ্ছে ফেসবুক। আর সে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে মো. মনসুর (২৯) নামের এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) ভোরে ফটিকছড়ি থানার নাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মনসুর নাজিরহাট পৌরসভার দৌলতপুর আব্দুর রশীদ সওদাগর বাড়ির মৃত নূর আহমদের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অপরাধে ওই ট্রাকচালকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কে.এ.স/বার্তাবাজার