রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় মৃত যুবকের লাশ ফেলে পালিয়ে গেছেন স্বজনরা। আজাত আলী (৩০) নামের ওই যুবক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার বাড়ি নওগাঁর পত্নীতলার জামগ্রামে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান। তখন রোগীর স্বজনরা ছিলেন। কিন্তু মারা যাওয়ার পর থেকে ওই রোগীর স্বজনদের আর হাসপাতালে দেখা মেলেনি। রোববার (৫ জুলাই) দুপুর পর্যন্ত রোগীর স্বজনদের কেউ আসেনি। পরে হাসপাতাল থেকে রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা রোগী নেব না। আপনারা লাশ দাফন করে দেন।
এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, আমরা মৃত রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করলে তারা মৃত রোগীর লাশ নেবেন না বলে জানিয়েছেন। এখন আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে লাশ দাফনের চেষ্টা করছি।
বার্তাবাজার/এমকে