রোববার (৫ জুলাই) ছিল রাজধানীর ওয়ারীতে ২১ দিনের জন্য ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন। এদিনও এলাকার বাসিন্দারা অকারণে লকডাউন ভেঙে বাইরে বের হয়েছেন। বাঁধা দেওয়ায় পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সাথে করেছেন উগ্র আচরণ।
এই এলাকার সকল চাকরীজীবি ২১ দিনের জন্য ছুটি পেলেও অফিসে যাওয়ার অজুহাতে বের হতে চাইছেন। এজন্য এলাকায় প্রবেশের দুটি পথে দেখা যায় বিশৃঙ্খলা।
সকাল থেকে বিকাল পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, প্রবেশপথগুলোতে একসঙ্গে অনেকজনকে বের হতে এবং জটলা করতে। লাইন ধরে খাতায় নাম এন্ট্রি করে একে একে বের হতে বলেন স্বেচ্ছাসেবকরা। কিন্তু অনেকেই তা মানেননি।
সপ্তাহের প্রথম কর্মদিবসে হুমকি দিয়েও অনেকে ওয়ারী থেকে বের হয়েছেন জানিয়ে স্বেচ্ছাসেবকরা বলেন, তাদের মধ্যে বেশির ভাগ সরকারি কর্মকর্তা। তবে এলাকার সচেতন মহলের অনেকে লকডাউন মানছেন এবং বিভিন্ন সাহায্য সহযোগিতাও করে যাচ্ছেন।
তবে লকডাউন মানাতে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা। যারা জরুরি কাজে বের হয়েছেন খাতায় নাম এন্ট্রি করে বের হয়েছেন। কেউ কেউ আবার যুক্তিসঙ্গত কারণ ছাড়াই জোর করে বের হয়েছেন।
বার্তাবাজার/এসজে