সরকার দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে ভেঙে দিয়েছে: মির্জা ফখরুল

বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসাথে এই করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ ছিল না বলেও তিনি মন্তব্য করেছেন।

আজ (রোববার) বিকালে সিলেটের সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের এক অনুষ্ঠানে রাজধানীর বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। করোনা চিকিৎসার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস ও স্বাস্থ্য্য সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘উন্নত দেশগুলোতে স্বাস্থ্যসেবা আছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে। বাংলাদেশের দুর্ভাগ্য, এই সরকার দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে ভেঙে দিয়েছে, ভঙ্গুর করে দিয়েছে। এখানে মানুষ কোনো স্বাস্থ্য সেবা পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘খুব কঠিন ছিল না এটাকে (করোনাভাইরাস) নিয়ন্ত্রণ করা। আপনারা দেখেছেন ভিয়েতনাম নিয়ন্ত্রণ করেছে, কিউবা নিয়ন্ত্রণ করেছে। এত বড় আক্রমণের পরও চীন নিয়ন্ত্রণ করেছে, নিউজিল্যান্ড নিয়ন্ত্রণ করেছে।’

সাউথ ন্যাশনালিস্ট ফোরামের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামাল হাসান জুয়েলের পরিচালনায় ভার্চুয়াল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, কলিম উদ্দিন মিলন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ ও যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর