সাড়ে তিন হাজার কেজি ত্রাণের চাল উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ কেজি সরকারি ত্রাণের চাল উদ্ধার ও ৩ জনকে আটক করেছে র‍্যাব-১৫ এর একটি দল।

শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার মরিচ্যা বাজারের পোস্ট অফিস এলাকায় এই অভিযান চালানো হয়। আজ (রোববার) দুপুরে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন, হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা সোনালীর ছেলে মো. এহছান (৩১), মৃত সৈয়দ আহমদের ছেলে আবুল কালাম (৩২) এবং মৃত মকবুল আহমদের ছেলে আবুল কালাম (৫০)।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তা এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে অভিযান চালানো হয় আল্লাহর দান ও মো. এহছান স্টোরের গুদাম ঘরে। সেখানে হাতেনাতে চাল, সরকারি খালি বস্তা ও ৩ জনকে আটক করা হয়। উদ্ধার করা সরকারি চাল ও খালি চটের মূল্য প্রায় এক লাখ ২২ হাজার ৫০০ টাকা।

তাদেরকে উদ্ধারকৃত মালামালসহ উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলেও তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর