গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় একটি খালে গোসল করতে নেমে তিনি শিক্ষার্থী পানিতে ডুবে মারা গিয়েছে। আজ (রোববার) দুপুর আড়াইটার দিকে তারা গোসল করতে নেমে ডুবে যান।
মৃতরা হলেন, কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার কিতাব আলীর ছেলে স্বাধীন (১৯), একই এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৮) ও শহিদুল ইসলামের ছেলে রনি (১৮)।
জানা যায়, দুপুরের দিকে বাইমাইল এলাকার তুরাগ নদের একটি গভীর খালে গোসল করতে নামে ওই তিনজনসহ আরও ৮/১০ জনের একটি দল। গোসল করতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যেতে শুরু করে সুজন নামের এক তরুণ। তাকে উদ্ধার করতে গিয়ে স্রোতে ডুবে যেতে থাকে সাব্বির ও রনি। পরে স্বাধীন, আকাশ, রানা ও বিপ্লব নামের তরুণরা তাদের উদ্ধারে এগিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে।
কিন্তু ততক্ষণে পানিতে ডুবে যায় রনি, সাব্বির ও স্বাধীন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি সাইফুল ইসলাম জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই তিন শিক্ষার্থীকে মৃত অবস্থায় ২৫ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. এমদাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বার্তাবাজার/এসজে