সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের মো. আকছের আলীর ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই এলাকার মৃত দারেগ আলীর ছেলে মো. হাছেন আলী (৫০) ও আজগর আলী (৪৮), হাছেন আলীর ছেলে রুবেল (৩০) ও কাদের (২৫), আজগর আলীর ছেলে মো. লিটন (২৭), হাছেন আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪৫) ও আজগর আলীর স্ত্রী লিলি খাতুনের (৪০) বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ বরাবর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ দাখিল করেছে মো. আকছের আলীর ছেলে মো. মোর্শেদুজ্জামান।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাছেন আলী ও আজগর আলী এলাকায় দাঙ্গাবাজ ও ভূমিদস্যু প্রকৃতির লোক। প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করে না। তারা আইন কানুনের তোয়াক্কা করে না। সম্প্রতি বিবাদীদের সাথে আকছের আলীর ক্রয়কৃত সম্পত্তি যার জেএল নং-১, খতিয়ান নং-৪৭২, হাল দাগ নং-১৫৫৩ এর ১৭ শতাংশ সম্পত্তি নিয়ে বিবাদ চলে আসছে।
এ পর্যায়ে ক্রয় সূত্রে জমির মালিক আকছের আলীর অসুস্থ্যতার সুযোগ নিয়ে মৃত দারেগ আলীর ছেলে হাছেন আলী ও আজগর আলীসহ আরও কয়েকজন রোববার (৫ জুলাই) সকাল ৯ টার দিকে উপরোক্ত তফসিল বর্নিত সম্পত্তিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাটি ভরাট করে ঘর নির্মাণের পায়তারা করে।
এ অবস্থায় তাদের বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তাদের কথায় বিবাদীরা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে দখল পূর্বক বসত ঘর নির্মাণ করে।
এদিকে অভিযুক্ত হাছেন আলী ও আজগর আলী গংদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এস আই মো. আনিছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে