এই মুহুর্তে সরকারকে তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৫ জুলাই) নিজের সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, সরকারের তিনটি চ্যালেঞ্জের প্রথমটি করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রটেকশন। দ্বিতীয়টি, দেশের বন্যাকবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা। তৃতীয়টি, আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো।
তিনি আরও বলেন, ত্রাণ চুরিসহ নানা অপরাধে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের পরিচয় তারা অপরাধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তারাও অপরাধী।
ওবায়দুল কাদের বলেন, সরকার নিজেদের লোকজনকেও এ ব্যাপারে ছাড় দেয়নি। প্রধানমন্ত্রী ত্রাণে অনিয়ম, মজুদ করা এসব অপরাধের জন্য ইতোমধ্যেই অনেককেই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তারা গ্রেপ্তার হয়ে জেলে আছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ কথা সত্য যে ঈদুল ফিতরে মানুষের অবাধ চলাচল ভিড় ও সমাবেশে অংশগ্রহণ সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন ঈদুল আযহায় এ সমাগম ও ভিড় এড়ানোয় যেকোনো মূল্যে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সবাইকে সচেতন ও সাবধান হয়ে আসন্ন ঈদে যাতে সংক্রমণ না বাড়ে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে নিজেদের বেঁচে থাকার স্বার্থেই।
বার্তা বাজার / ডাব্লিও.এস