মানি লন্ডারিং মামলায় জামিন পাননি ডেসটিনির দিদারুল

ডেসটিনি গ্রুপের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম। মানি লন্ডারিং এর মামলায় তার জামিন আবেদন নাকচ করে দেয় আদালত। রোববার (৫ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ব্যারিস্টার মাইনুল হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, এর আগে গত ৮ জুন শুনানি শেষে ভার্চুয়াল কোর্ট নিয়মিত আদালত খোলার এক সপ্তাহ পর অথবা নিয়মিত আদালত না খুললে ৩০ জুনের পর মামলার জামিন আবেদনের ওপর পুনঃশুনানি হবে বলে আদেশ দেন। তবে এ ক্ষেত্রে যেটি আগে আসে সেময় পুনঃশুনানি হবে। ৩০ জুন পার হওয়ায় তারা ফের আবেদন করেন। আজ শুনানি শেষে নিয়মিত আদালত না খোলা পর্যন্ত আবেদনটি স্ট্যান্ডওভার রাখেন আদালত।

মামলার বিবরণী থেকে উল্লেখ করে আমিন উদ্দিন বলেন, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও ডেসটিনি ট্রি প্ল্যানটেশনের বিরুদ্ধে আর্থিক অর্থবছর ২০০৯-২০১০ থেকে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনে দুদক। পরে ২২ জনকে আসামি করে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা দায়ের করে সংস্থাটি। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ আদালত ৪-এ বিচারাধীন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর