গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন

ঢাকার ধামরাইয়ে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর দিক নির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ৩ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারির তত্ত্বাবধানে ধামরাই উপজেলার বাইসাকান্দা ইউনিয়নের আবুল বাশার কৃষি কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্যসেবা দেয়ার উদ্দেশ্যে এই মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রবিবার সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই মাতৃকালীন চিকিৎসাসেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ নারী চিকিৎসকদের দিয়ে পরিচালিত হয়। এই করোনাকালীন প্রসূতি মায়েরা যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারে সেই উদ্দেশ্য এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়া ও এই ক্যাম্পে অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে দেয়া হয়।

এব্যাপারে, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল আরিফ আহমেদ চিশতী জানান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলার যে সকল গর্ভবতী মায়েরা বর্তমানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতংক ও দরিদ্রতার কারণে ডাক্তার দেখাতে হাসপাতালে আসতে পারছে না, তাদের জন্য এ বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ১১ ফিল্ড এম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্নেল ফখরুল আলম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর