গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুলসুম বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে নির্মম ভাবে পিটিয়ে, গরম পানি ও মরিজের গুড়া শরীরে দিয়ে হত্যা করেছে তার সৎ সন্তানেরা(পুএবধু ও নাতিরা)।
শনিবার (০৪ জুলাই) উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দারপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ শনিবার রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ নারীকে গ্রেফতার করেছে। হত্যার শিকার কুলসুৃম বেগম রাজিন্দারপাড় গ্রামের সবর আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী।
কুলসুম বেগমের ভাই স্কুল শিক্ষক কালাম ফকির জানান, সৎ ছেলেদের সাথে জমিজমা নিয়ে কুলসুম বেগমের বিরোধ চলে আসছিলো। কুলসুম বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য গত শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সৎ ছেলে আলাউদ্দিন সিকদার, স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে লিমা সিকদার ও ভাই রিপন সিকদার কলসুম বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় কুলসুম বেগমের নিজের ২ ছেলে ও ছেলের বউয়েরা তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারপিট করে।
ওই স্কুল শিক্ষক আরো জানান, তার বোন কুলসুমকে উদ্ধার করে প্রথম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল আনার পর অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাত ৮ টার দিকে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় শনিবার রাতেই কুলসুম বেগমের ছেলে স্বপন সিকদার বাদী হয়ে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক ভাবে আমরা পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছি। রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৪ নারীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
বার্তাবাজার/এমকে