নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন, নাটোরে কোন প্রকার চাঁদাবাজি সহ্য করা হবে না। পশুরহাটে পশু কেনা-বেচাসহ সকল ইজারাদারদের করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে হাট বসোনোর ব্যবস্থা করতে হবে। কোথাও অতিরিক্ত টোল আদায় করা যাবেনা।
পশু পরিবহনের ক্ষেত্রে সকল প্রকার চাঁদাবাজি কঠোরহস্তে দমন করা হবে। এই ক্ষেত্রে যদি কোন পুলিশের সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী ও ইজারাদারদের যে কোন অভিযোগ পুলিশ সুপারকে জানাতেও অনুরোধ করেন।
শনিবার নাটোরের বনপাড়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাসের সঞ্চালনায় জেলার সাতটি উপজেলার পশুর হাট ইজারাদার ও খামার মালিকসহ গবাদি পশু পালনকারিদের সাথে মতবিনিময়ের সময় পুলিশ সুপার এসব কথা বলেন।
এ সময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, নাটোরের সবকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অনেকে।
বার্তাবাজার/এমকে