চট্টগ্রামের বেসরকারি চিকিৎসাকেন্দ্র ম্যাক্স হাসপাতালে আজগুবি বিল আদায়ের অভিযোগ করেছে রোগীর স্বজনরা। মাত্র ৬ দিনেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর বিল হয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা। একইসাথে অনেক সেবা না দিয়েও তার দাম রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ (শনিবার) সকালে শফিউদ্দৌল্লাহ নামে এক বৃদ্ধের মৃত্যুর পর তার স্বজনরা ম্যাক্স হাসপাতালের বিল পরিশোধ করতে গেলে এই ভুতুরে বিল হাতে পান।
এ বিষয়ে মৃত বৃদ্ধের স্বজন ইয়াসির আরাফাত জানান, গত ২৯ জুন থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন শফিউদ্দৌল্লাহ। গত তিনদিন তাকে নর্মাল অক্সিজেন সাপোর্ট দেয়া হয়েছিল। কিন্তু হাই ফ্লো অক্সিজেন না দেয়ার পরেও সেটা বাবদ বিল ধরা হয়েছে ২৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, চিকিৎসকদের বিল বাবদ ধরা হয়েছে ৯ হাজার টাকা। অথচ একজন চিকিৎসক মাত্র দুই বার রোগীকে চিকিৎসা দিয়েছেন। শুধু তাই নয় রোগীর তিন দিনের অক্সিজেনের বিল বাবদ রাখা হয়েছে ৪১ হাজার টাকা। সব মিলিয়ে ১ লাখ ৯৩ হাজার টাকা বিল আসে।
তার অভিযোগ, বিল নিয়ে আমরা আপত্তি করায় তারা দুই ধাপে কমিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয়। পরে অবশ্য এমন ভুতুড়ে বিল নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু হাসপাতালগুলোর এমন আচরণ হলে সাধারণ রোগীরা কোথায় যাবে।
এ বিষয়ে হাসপাতালটির মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদ দাস জানান, অক্সিজেনের বিল নিয়ে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বিষয়টি সমাধান করা হয়েছে। এ ছাড়া যেহেতু রোগী মারা গেছে তাই সব কিছু বিবেচনা করে হাসপাতালের বিল আরও অনেক কমানো হয়।
বার্তাবাজার/এসজে