রাজধানীর অদূরে সাভারে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব মা দিবস। রবিবার (১২ মে) সাভারের হেমায়েতপুরে এ এম ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজে দিবসটি পালিত হয়।
দিবসটি পালনে প্রতিষ্ঠানটিতে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে প্রতিটি ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বাসা থেকে বের হওয়ার সময় ও বাসায় পৌঁছে মা কে চুমু খাওয়া, মায়ের পা ধুইয়ে দেয়া ও আলোচনা সভা উল্লেখ্য।
আলোচনা সভায় সমাজের বিশিষ্টজনরা এই দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, সারা দুনিয়ায় ও আমাদের সমাজে মায়ের বিকল্প এ পর্যন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি।
বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু, স্কুলের ভাইস প্রিন্সিপাল আবুল হোসেন, লিও ক্লাব অব ঢাকা সাভারের সভাপতি শাহিনুর ইসলাম বাধনসহ আরও অনেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস ও তার মা অ্যান মেরি রিভস জার্ভিসের উদ্যোগে ‘মা’ দিবসের সূচনা হয়। আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর এবং ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশনের বাসিন্দা ছিলেন। আর তার মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথ-আতুরের সেবায়।
পরে মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। তাই তিনি অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে প্রচার শুরু করেন।
সাত বছরের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় ‘মা’ দিবস। ১৯১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ‘মা’ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা’ দিবস হিসেবে ঘোষণা করে।