নুরে আলম সিদ্দিকী হক এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার সাভারের আশুলিয়ায় দৈনিক জনতার আদালতের সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর রাজবাড়ী জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক এর বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে ঢাকাস্থ রাজবাড়ী সাংবাদিক কল্যাণ সমিতি এবং আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন করেছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে আশুলিয়ার নরসিংহপুরে সরকার মার্কেট এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এই মানববন্ধন সম্পন্ন হয়। এই মানবন্ধন কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন- দৈনিক ভোরের আলোর নিজস্ব প্রতিবেদক শহিদুল ইসলাম ডাবলু, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার আশুলিয়া প্রতিনিধি বিনয় সরকার লিটন, দৈনিক মুক্তখবরের সাভার ও ধামরাই প্রতিনিধি ফয়জুল ইসলাম, দৈনিক এশিয়া বাণী পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক নবচেতনা পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মোঃ ইমদাদুল হক, দৈনিক সকালের সময় পত্রিকার সাভার প্রতিনিধি, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরব, সিএনএন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার শামীম আহমেদ প্রমুখ সহ আশুলিয়ায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীগণ।

বক্তারা বলেন, নুরে আলম সিদ্দিকী হক সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত। দীর্ঘ সময় ধরে তিনি মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন। এলাকায় তার ঈর্ষণীয় জনপ্রিয়তা রয়েছে। তাকে হয়রানী ও অপদস্থ করতে একটি কুচক্রী মহলের মদদে তার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। যা ভিত্তিহীন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ১৮ জুন তারিখে মৃগী বাজার এলাকা থেকে মৃগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মন্ডলকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে দুর্বৃত্তরা। সাজানো মামলা দায়ের করা ব্যক্তিরাই ছিলেন অপহরণকান্ডে জড়িত। কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী হক বিষয়টি জেনে সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দেন। যেকারণে তড়িঘরি করে ছেড়ে দেয়া হয় ওয়াজেদ মন্ডলকে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কুচক্রী মহলটি এই মিথ্যা মামলা দিয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর