সলঙ্গায় কৃষকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট

সিরাজগঞ্জের সলঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (৩ জুলাই) দুপুরে ওই কৃষক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে সলঙ্গা থানার এরান্দহ গ্রামের মৃত মজিবর খানের ছেলে মো. আজম খান (৪৫) ও এজাদুল খান (৩৯) এর সাথে একই গ্রামের কৃষক হাফিজুর শেখের বসত বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে বুধবার (১ জুলাই) দুপুরে আজম খান গং জোর পূর্বক বসতবাড়ির জায়গা দখল করে ঘর নির্মাণ করে। এতে বাধা দিলে কৃষক হাফিজুর শেখ সহ তার নাতি মো. সাকিলকে বেধড়ক মারধর করে তারা। পরে স্থানীয়দের সহযোগীতায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন কৃষক ও তার নাতি।

সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে ওই জের ধরে আবার বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩ টার দিকে হবিবর রহমানের নেতৃত্বে অস্ত্রসজ্জিত আজম গং ২০/২২ জনের একদল সন্ত্রাসী কৃষকের বাড়িতে এসে ভাঙচুর ও লুটপাট চালায়।

বাড়ির মালিক কৃষক হাফিজুর শেখ জানান, এ সময় তার স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও মেয়ের জামাই মিন্টু ভূইয়া (৪৫) বাড়িতে প্রবেশের কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা তাদের মারধর করে।

এক পর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির ১ টি কক্ষে বেড়া ভাঙচুর করে নগদ ৩ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার, ১টি পাম্প মোটর ও বার্থরুমের ২টি দরজাসহ প্রায় ৫ লাখ ৩৫ হাজার ৫’শ টাকার মালামাল লুট করে নেয়।

পরে তাদের চিৎকারে আমির হোসেন ও জাবেদ আলী এগিয়ে এলে তাদের হত্যার উদ্দ্যেশে আজম খান ও এজাদুল খান রামদা দিয়ে কোপ মারলে মাথার বাম পাশে ও পিছনে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (৩ জুলাই) সরেজমিনে গেলে নাম প্রকাশ না শর্তে স্থানীয়রা বলেন, আজম খান গং তাদের অনেক মারধর করেছে। এখনও হাসপাতালে ৪ জন ভর্তি আছে। এ ঘটনায় তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।

এ প্রসঙ্গে সলঙ্গা থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনার দিন বৃহস্পতিবার পুলিশ পাঠিয়েছিলাম ঘটনার স্থানে। কৃষক হাফিজুর শেখ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ছবি:বার্তাবাজার।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর