‘রেড জোন’ ওয়ারী লকডাউন

করোনা সংক্রমণ রোধে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত পুরান ঢাকার ওয়ারী লকডাউন করা হয়েছে। লকডাউন থাকবে আগামী পচিশ জুলাই পর্যন্ত।

শনিবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়েছে ‘লকডাউন’। এ এলাকার বাসিন্দারা টানা ২১ দিন ‘ঘরবন্দি’ জীবন কাটাবেন।

যেসব জায়গা লকডাউনে থাকছে, সেগুলো হলো- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) আউটার রোড ও ইনার রোড হিসেবে লারমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র‌্যানকিন রোড এবং নওয়াব রোড।

সরজমিনে গিয়ে দেখা যায়, এলাকাটির প্রত্যেকটি প্রবেশ মুখে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে জোরালো পদক্ষেপ। এলাকাটি ঘুরে এখন পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াত করতে দেখা যায়নি। পুলিশ সদস্যরা মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষ বের হওয়ার চেষ্টা করতে পারে। তবে তাদের শক্ত অবস্থানের জন্য তা সম্ভব হবে না বলেও মনে করছেন তারা।

এদিকে লকডাউন এলাকাটিতে সকাল থেকেই জরুরি খাদ্য সরবরাহের গাড়িগুলো প্রবেশ করতে দেখা গেছে। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সারওয়ার হাসান আলোর নির্দেশক্রমে ২০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

এ বিষয়ে ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর মোঃ জহির হোসেন বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। সাংবাদিক-পুলিশ, ডাক্তার-নার্স বের হতে বা প্রবেশ করতে পারছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর