‘বিশ্বের অনেক মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না’

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ছাড়িয়েছে। মরণঘাতী এ ভাইরাস স্থবির করে দিয়েছে বিশ্বকে। তবে এখন বিশ্বের অনেক মানুষেরই মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক সুনেত্রা গুপ্ত।

তিনি মত প্রকাশ করে বলেন, গুরুতর শারীরিক জটিলতা না থাকলে নতুন করোনাভাইরাস প্রাণঘাতী হচ্ছে না।তাই বেশির ভাগ মানুষেরই এই রোগের ভ্যাকসিনের প্রয়োজন হবে না।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাচারিতায় অংশ নিয়ে রোগতত্ত্ববিদ অধ্যাপক সুনেত্রা গুপ্ত বলেন, ‘স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে, শারীরিকভাবে সুস্থ মানুষদের ক্ষেত্রে কোভিড-১৯ রোগ প্রাণঘাতী হচ্ছে না। বরং এ ক্ষেত্রে এটি একটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা জ্বরের চেয়ে বেশি কিছু নয়।’ তবে তিনি বলেন, বয়স্ক ও গুরুতর শারীরিক জটিলতা থাকা মানুষদের কাবু করে ফেলছে কোভিড-১৯।

এ ক্ষেত্রে ভবিষ্যতে মানুষের হাতে যেসব ভ্যাকসিন আসবে, সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব ভ্যাকসিন গুরুতর অসুস্থদের উপসর্গ উপশমে সহায়তা করবে। সে ক্ষেত্রে যাদের শারীরিক জটিলতা কম হবে, তাদের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে না।

করোনাভাইরাস মহামারির বিস্তার ঠেকাতে লকডাউনের মতো কঠোর পদক্ষেপের পক্ষে নন সুনেত্রা গুপ্ত। তিনি মনে করেন, কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে দীর্ঘ মেয়াদে লকডাউন কোনো কার্যকর পদক্ষেপ হতে পারে না। সুনেত্রার মতে, করোনাভাইরাস মহামারির ইতি ঘটবে প্রাকৃতিকভাবে এবং একসময় এটি মানুষের জীবনযাত্রার অংশ হয়ে যাবে। তিনি মনে করেন, কোভিড-১৯ শেষমেশ একটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা হিসেবে পৃথিবীতে রয়ে যাবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর