দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুক্রবার (০৩ জুলাই) পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০২ জনে। মোট আক্রান্ত পুলিশের মধ্যে ৭ হাজার ৩২৭ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বৃহস্পতিবার (০২ জুলাই) পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৯২। যা একক পেশা হিসেবে সর্বোচ্চ।
পুলিশ সদর দফতর ও বিভিন্ন ইউনিটের দেয়া তথ্য মতে, মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৮ সদস্য। যা গতকাল ছিল ২ হাজার ৩১১ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ডিএমপির আরও ৭ সদস্য আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছে, আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২ হাজার ২৬ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং ৪ হাজার ৬৭৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪৪ জন গর্বিত সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ স্বীকার ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন। সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ।
বার্তাবাজার/অমি