শিক্ষার্থীদের মালামাল গায়েব করে দেয়া সেই বাড়িওয়ালা রিমান্ডে

রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির ৫০ শিক্ষার্থী ৩ মাসের বাড়ি ভাড়া দিতে না পারায় তাদের লেপ তোষক বাদে সার্টিফিকেটসহ সকল মালামাল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পূর্ব রাজাবাজারে আলিফ নামের একটি ছাত্রাবাসের মালিক খোরশেদ আলমকে।

য়াজ (শুক্রবার) দুপুরে কলাবাগান থানা থেকে আসামী খোরশেদ আলমকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করেন পুলিশ। পরে সেখান থেকে আবেদনের ভিত্তিতে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে গত বুধবার রাতে সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র মো. সোহান বাদী হয়ে তাদের মালামাল চুরির অভিযোগে মামলা দায়ের করেন কলাবাগান থানায়।

জানা যায়, রাজধানীর গ্রিন রোডের বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির ৫০ শিক্ষার্থী রাজাবাজারে আলিফ নামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন। এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে তিন বেলার থাকা খাওয়ার খরচসহ সাড়ে চার হাজার টাকা দিতে হতো। করোনা পরিস্থিতিতে গত মার্চে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে তাঁরা সব শিক্ষার্থী তাঁদের কক্ষে তালা লাগিয়ে বাড়িতে চলে যান।

কিছুদিন আগে জানতে পারেন মেস মালিক খোরশেদ আলম তাদের তিন মাসের ভাড়া না পেয়ে তালা ভেঙে সকল জিনিসপত্র সরিয়ে ফেলেন।গত বুধবার সকালে ৫০ শিক্ষার্থী সবাই ঢাকায় আসেন। তাঁরা খোরশেদ আলমকে ফোন করলে তিনি বলেন, বকেয়া টাকা দিলে মালামাল দেওয়া হবে।

পরে বুধবার রাতেই তাদেরকে তাদের মালামালের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাদের কোনো জিনিসই ঠিকমতো না পেয়ে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা কলাবাগান থানায় যান। পরে ছাত্রাবাসের মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে চুরির মামলা দেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর