দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় করোনাভাইসে আক্রান্ত হয়ে মোহনা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে জানা গেছে। করোনায় মৃত্যুবরণকারী মোহনা বেগম ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের মকছেদ আলীর মেয়ে।
গতকাল বৃহস্পদিবার দিবাগত রাতে দিনাজপুর কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীগণ স্বাস্থ্যবিধি মেনে ফুলবাড়ী কানাহার সরকারী কবরস্থানে তাকে দাফন করেন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনায়েতুল্যা নাজিম করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোহনা বেগমকে গত ২৯ জুন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়।
পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২ জুলাই সন্ধা ৬ টার দিকে মোহনা বেগমের মৃত্যু হয়।
মোহনা বেগমের পরিবারের সদস্য ও চাচা সরোয়ার আলমের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘মোহনা ঢাকায় একটি পোষাক কারখানায় চাকুরি করত। সেখানে তার স্বামীর সাথে বিচ্ছেদের ঘটনায় সে গত এক মাস পূর্বে ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে আসার কয়েকদিন পর মোহনা তার নানীর বাড়ী নওগাঁ বেড়াতে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়ে। সেই সময় নওগাঁ সদর হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।
কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও সেই নমুনার ফলাফল না আসায় সে বাড়ীতে ফিরে আসে। বাড়ীতে আসার পর গত ২৬ জুন নওগাঁ সিভিল সার্জন কার্যালয় থেকে তার মোবাইল ফোনে জানায় মোহনা করোনাভাইরাসে আক্রান্ত।
এরপর সে আবারো অসুস্থ হয়ে পড়লে গত ২৯ জুন তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদিকে গত ২৫ মে করোনা উপসর্গ নিয়ে উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মমতাজ আলীর মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, দিনাজপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৬৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫০ জন। এখন পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৯৫২ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৩৩ জনের।
কে.এ.স/বার্তাবাজার