ঢাকার সাভারে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের সদস্যরা এক বেওয়ারিশ লাশ দাফন করেছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর দেড়টায় সাভার তালবাগ কবরস্থানে সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের আহ্বায়ক মোঃ শাহীন আলম স্বাধীন এর নেতৃত্বে অন্যান্য সদস্যরা নিজেদের উদ্যোগে ওই বেওয়ারিশ পুরুষ (৪০) এর লাশ দাফন করে।
এব্যাপারে সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের আহ্বায়ক মোঃ শাহীন আলম স্বাধীন জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির পাশে নিজের সন্তান, স্ত্রী কিংবা পরিবারের কেউ পাশে থাকছে না, মৃত্যুবরন করার পর লাশ দেখার জন্যও যেখানে তাদের খুঁজে পাওয়া যায় না, সেখানে আমাদের উদ্যমী সাহসী তরুন যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল ঢাকা জেলা ইউনিট এর আর সি ওয়াইরা এগিয়ে এসেছে করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তিদের লাশ দাফন কাফন করতে।
মৃত ব্যক্তির সম্পর্কে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের এই তরুন আহ্বায়ক আরও জানান, এক সপ্তাহ পূর্বে এই মৃত ব্যক্তিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) ভোরে তিনি মারা যান। পরে সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে আমরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা ওই লাশের দাফন সম্পন্ন করি।
তাদের এধরণের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এব্যাপারে সাভার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা পরিস্থিতিতে বেওয়ারিশ লাশ দাফন সহ এসংক্রান্ত কাজ সমাধা করতে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়েছে।
এদের ভিতর সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যতম। আজ তারা একজন বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন করেছে, এজন্য সাভার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এই জনহিতকর মানবিক কর্মকান্ডের জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
বেওয়ারিশ লাশ দাফনের সময় যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের আর সি ওয়াই নাদির, শামিম, শিমু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কে.এ.স/বার্তাবাজার