মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে থাকা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল নিজেকে নির্দোষ ও নিষ্পাপ বলে দাবী করেছেন। পাশাপাশি কুয়েতের সরকারি কর্মকর্তারা দুর্নীতিগ্রস্থ বলে অভিযোগ করেছেন।
বুধবার (১ জুলাই) আতব টাইমসের এক খবরে বলা হয়, কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তদন্তকারীদের পাপুল বলেছেন, ‘আমি নিষ্পাপ… কিন্তু কর্মকর্তারা নন’।
খবরে বলা হয়, বাংলাদেশি এমপি তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আত্মপক্ষ সমর্থন করেছেন। তদন্ত কর্মকর্তাদের তিনি বলেছেন, তার কোম্পানিতে যে ধরনের সুযোগ-সুবিধা রয়েছে তা অন্য কোম্পানিতে নেই।
কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে জড়িত সন্দেহে গত ৬ জুন সংসদ সদস্য পাপুল দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সর্বশেষ গত ২৪ জুন তাকে ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বার্তাবাজার/এসজে