আবারও সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সিরাজ মিয়া (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছেন তার সাথে থাকা নাজিম উদ্দিন নামের আরও এক ব্যক্তি।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধায় সিলেটের গোয়াইনঘাটের পাহাড়তলি সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া উপজেলার দমদমিয়া গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে এবং আহত নাজিম একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
এ বিষয়ে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল গণমাধ্যমকে জানান, পাহাড়তলী সীমান্ত দিয়ে সন্ধ্যার দিকে ৪ বাংলাদেশি অজ্ঞাত কারণে ভারতের ভূ-খন্ডে প্রবেশ করেন। এ সময় সেখানে থাকা ভারতীয় খাসিয়া উপজাতির লোকজন তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ১ জন নিহত ও একজন আহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
তিনি সীমান্ত এলাকায় অবৈধভাবে চলাচল করতে নিষেধ করেন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, সম্প্রতি সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা বেড়ে গিয়েছে। এর আগে গত ২০ জুন কোম্পানীগঞ্জ সীমান্তে বাবুল বিশ্বাস (৩৪) নামে একজন নিহত হয়। তারও আগে ১০ জুন গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মিন্টু মিয়া (২৪) নামের একজন মারা যান।
বার্তাবাজার/এসজে