রোহিঙ্গাদের জন্য ৩০৪ কোটি টাকা সহায়তা দেবে ইইউ

রোহিঙ্গা ক্যাম্পগুলো উন্নয়ন, করোনাভাইরাস মোকাবেলা এবং বাংলাদেশের প্রান্তিক গোষ্ঠী ও রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য বাংলাদেশকে ৩২ মিলিয়ন ইউরো অর্থাৎ ৩০৪ কোটি টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

আজ (বৃহস্পতিবার) রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারকে এ অর্থ সাহায্য দেয়ার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারে থাকা বাংলাদেশি ও সেখানে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। প্রায় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশকে সহায়তা করতেই মূলত এ অর্থ সাহায্য ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

এছাড়া ঘোষিত অর্থ সাহায্যের মাধ্যমে ১২ মিলিয়ন ইউরো অর্থাৎ ১১৪ কোটি টাকা করোনাভাইরাস মোকাবেলায় ব্যবহার করা হবে। বাকি ২০ মিলিয়ন ইউরো অর্থাৎ ১৯০ কোটি টাকা বাংলাদেশের প্রান্তিক গোষ্ঠী ও রোহিঙ্গাদের মৌলিক অধিকার যেমন খাদ্য, শিক্ষা, পুষ্টি, পানি, পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতের কাজে ব্যবহার করা হবে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজে তেরিন্ক বলেন, এই ৩২ মিলিয়ন ইউরো মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের অব্যাহত মানবিকতার ক্ষেত্রে অবদান রাখবে। এটি করোনাভাইরাস মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের কক্সবাজারের অধিবাসী ও রোহিঙ্গাদের জন্য মহামারী মোকাবেলা সাহায্যও বটে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর