দেবীগঞ্জের রাঙ্গাপানি সেতুর সংযোগ সড়ক ভেঙে লক্ষাধিক মানুষের চলাচল বন্ধ

টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত আর উজানের ঢলে ভেঙে গেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বুড়িতিস্তা নদীর রাঙ্গাপানি সেতুর দুই পাশের সংযোগ সড়ক। সেতুটির অবস্থান দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের খয়েরবাগান এলাকায়।

হঠাৎ করে সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়ক ধরে যাতায়াতকারী লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। একই সাথে দেবীগঞ্জ উপজেলার সদরের সাথে টেপ্রীগঞ্জ, চিলাহাটি,ভাউলাগঞ্জসহ বেশ কয়েকটি এলাকার মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জরুরি প্রয়োজনে দেবীগঞ্জ যেতে তাদের এখন ১৫ কিলোমিটার ঘুরে পার্শ্ববর্তী ডোমার ইউনিয়নের মির্জাগঞ্জ দিয়ে যেতে হচ্ছে। নদীতে প্রবল স্রোত থাকায় শিগগিরই সংযোগ সড়ক মেরামত করার সুযোগ নেই বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের বৃষ্টিপাত আর উজানের ঢলে বুড়িতিস্তা নদীতে পানি বাড়তে থাকে। বৃহস্পতিবার ভোরে নদীর পানির প্রবল স্রোতে ভেঙে যায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের বুড়িতিস্তা নদীর উপরের রাঙাপানি সেতুর সংযোগ সড়ক। সেতু থেকে সড়কের প্রায় ৩০ থেকে ৪০ মিটার ভেঙে গেছে। এতে দেবীগঞ্জ থেকে ভাউলাগঞ্জ, চিলাহাটি, টেপ্রিগঞ্জসহ বিভিন্ন এলাকার সাথে সড়ক পথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই সড়ক ধরে যাতায়াতকারী লাখো মানুষ।

টেপ্রিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রহমান সরকার বলেন, রাঙাপানি সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। পূর্বপাশের্ব ১০০ ফুট ও পশ্চিম পাশের্ব ৫০ ফুট ভেঙে গেছে। এতে সেতুর এপারের কয়েকটি ইউনিয়নের লাখো মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। দেবীগঞ্জ উপজেলা সদরে যেতে হলে আমাদের ১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এছাড়া কয়েকদিনের বৃষ্টিপাত আর উজানের ঢলে আমার ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে ১০ হাজার মানুষ।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, পানির তোরে ওই সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। ব্যস্তময় সড়কটিতে এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় সড়কটি এখন মেরামত করা সম্ভব নয়। পানি কমে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর