ভাড়া দিতে দেরী: শিক্ষার্থীর সার্টিফিকেট ও জিনিসপত্র ময়লার গাড়িতে দিলেন বাড়িওয়ালা

বাসা ভাড়া পরিশোধ করতে দেরী হওয়ায় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সার্টিফিকেটসহ সকল জিনিসপত্র ময়লার গাড়িতে তুলে দিয়েছেন এক বাড়িওয়ালা। শিক্ষাজীবনের অর্জন সকল সার্টিফিকেট ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই শিক্ষার্থীরা।

রাজধানীর কলাবাগানের ৪/এ, ওয়েস্ট অ্যান্ড স্ট্রিট-এর রুবী ভবনের মালিক মুজিবুল হক ওরফে কাঞ্চন এই অমানবিক ঘটনাটি ঘটিয়েছেন।

এ বিষয়ে ঢাকা কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ও ওই বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ সজীব জানান, কোনো ধরনের নোটিশ না দিয়েই প্রয়োজনীয় কাগজপত্র আর জিনিসপত্রসহ ফ্ল্যাটে ব্যবহৃত সবকিছু বাসা থেকে বের করে তুলে দেয়া হয়েছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে৷ আর কাজটি করেছেন বাড়িওয়ালা মুজিবুল হক ওরফে কাঞ্চন

তিনি আরও জানান, দির্ঘ চার বছর ধরে ওই বাড়ির নীচতলায় ভাড়া থাকতেন তিনিসহ আরও ৮ জন। তাদের সবাই জিনিসপত্র, ল্যাপটপসহ শিক্ষাজীবনে অর্জিত মূল্যবান সব সার্টিফিকেট হারিয়েছেন।

তিনি বলেন, মার্চের ৫ তারিখ পর্যন্ত ভাড়া পরিশোধ করে আমরা বাড়ি চলে যাই৷ এরপর বাড়িওয়ালা বিদ্যুৎ, গ্যাস ও পানি বিল বাবদ আরও ১৫ হাজার টাকা মোবাইলে পাঠাই৷ বাকি টাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ঢাকায় এসে পরিশোধ করার কথা ছিল৷ টাকা পাঠানোর পরেই বাড়িওয়ালা আর ফোন রিসিভ করে না। পরে জানতে পারি আমাদের মালামাল সব ফেলে দেয়া হয়েছে৷ ঢাকায় ফিরে কিছুই আর অবশিষ্ট পায়নি৷ আমরা আমাদের সার্টিফিকেটসহ জিনিসপত্রগুলো ফেরত চাই। আমরা এর বিচার চাই।

এছাড়া বাড়িওয়ালার এমন কান্ডে এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছেন ভাড়াটিয়া এক শিক্ষার্থী। এখন পরীক্ষা দেয়া নিয়ে তিনি আছেন চরম দুশ্চিন্তায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর