স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে চেয়ারম্যানের মারধর

ইউনিয়ন পরিষদের কাজে নিয়োজিত গ্রাম পুলিশ দিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শককে ডেকে নিয়ে বেদম মারধর করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মজিবুর রহমান।তার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করায় স্বাস্থ্য পরিদর্শক আকবর হোসেনকে এই নির্যাতন করেন।

ঘটনাটি ঘটেছে গতকাল (বুধবার) সন্ধায়। বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী আকবর হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার আকবর হোসেন দিঘলী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পশ্চিম দিঘলী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খানের ছেলে।

জানা যায়, স্বাস্থ্যকর্মী আকবরদের পারিবারিক কবরস্থানে নিরাপত্তা দেওয়ালের জন্য জেলা পরিষদ থেকে সরকারিভাবে বরাদ্দ আসে। কিন্তু চেয়ারম্যান শেখ মজিব সেই বরাদ্দটি নিজের পারিবারিক কবরস্থানে ব্যয় করেন। এ নিয়ে অচেনা ফেসবুক আইডিতে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেয়া হয়।

এ ঘটনায় চৌকিদার টিটুর মাধ্যমে আকবরকে তার পশ্চিম দিঘলী বাজারে ব্যক্তিগত কার্যালয়ে ডেকে আনে। ওই ফেসবুক আইডি ও স্ট্যাটাসটি আকবর দেয়নি বলে জানালেও চেয়ারম্যান বিশ্বাস করেনি। একপর্যায়ে চেয়ারম্যান তাকে মারধর করে।

এ বিষয়ে আকবর হোসেন জানান, এই ফেসবুক স্ট্যাটাস কে বা কারা দিয়েছে তা আমার জানা নেই। এই বিষয়ে আইসিটি আইনে মামলা করার পরামর্শ দিয়েছি চেয়ারম্যানকে। তবুও তিনি আমাকে মারধর করেছেন। আমি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মজিবুর রহমান বলেন, আকবর নামে বেনামে ফেসবুক আইডি খুলে আমিসহ মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। সম্প্রতি আমার বিরুদ্ধেও অপপ্রচার চালায়। এ ঘটনা নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। তাকে মারধর করার ঘটনাটি সত্য নয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর