ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে প্রাণ গেল বৃদ্ধের

ফরিদপুরের মধুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. সিদ্দিক মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কোড়কদি ইউনিয়নের কাটাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মো. মুকুল হোসেন রিক্ত এবং সাবেক ইউপি সদস্য আহম্মদ আলীর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউপি চেয়ারম্যান মুকুল হোসেনের সমর্থক সিদ্দিক মোল্যা তার নিজের বাড়ির বারান্দায় বসেছিলেন। এসময় আহম্মদ আলী গ্রুপের লোকজন এসে সিদ্দিক মোল্যার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সে মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর