রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের চক্রান্ত বন্ধ, সংসদে জ্বালানির দাম খুশিমত বৃদ্ধির উত্থাপিত বিল প্রত্যাহার, স্বাস্থ্যখাতে অনিয়ম দুর্নীতি বন্ধ ও সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দিনাজপুরে বাম জোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে শতাধিক বাম জোটের নেতাকর্মীরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল এখন প্রাইভেট প্রতিষ্ঠানে হস্তান্তর করা হচ্ছে। সরকার যেখানে চাইলেও পাটকল গুলোতে নতুনভাবে অল্প টাকা খরচ করেই চালু করতে পারতেন সেখানে সেগুলো না করে পাটকল গুলো বন্ধ করে দিচ্ছেন। এতে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। পাটকলের বিষয়ে সরকার ভুল নীতিতে হাটছেন বলেও বক্তারা সমালোচনা করেছেন।
এছাড়াও সংসদে উত্থাপিত যখন খুশি তখন জ্বালানির দাম বাড়াতে পারবে সরকার এই বিলের প্রত্যাহার চান বাম জোটের নেতাকর্মীরা। স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা নিয়ে বাম নেতারা বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি হলো স্বাস্থ্যসেবা। কিন্তু এই স্বাস্থ্যসেবা আমাদের দেশে বর্তমানে অনিয়ম দুর্নীতিতে ভরে গেছে। অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। সাধারণ মানুষ সঠিকভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সবার জন্য স্বাস্থ্যসেবা সরকাকে নিশ্চিত করার বিষয়েও বাম জোটের নেতারা জোর দাবি জানান।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাম জোটের জেলা সমন্বয়ক আনোয়ার আলী সরকার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন, সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক কিবরিয়া হোসেন প্রমুখ।
কে.এ.স/বার্তাবাজার