ঢাবিতে হামলার শিকার হয়েও উল্টো খবর প্রকাশ হওয়ায় ছাত্রদলের বিবৃতি

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার উপর ছাত্রদলের হামলা’ শিরোনামে সংবাদ প্রকাশে বিষ্ময় প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সাথে তারা দাবী করেছে মাস্টারদা সুর্য সেন হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজকেই হামলা করে আহত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. আমানুল্লাহ আমান সাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বন্ধুদের নিয়ে টিএসসিতে অবস্থান করার সময় ডাকসুর সদ্য সাবেক সদস্য সৈকত ও তার অনুসারীরা মাহফুজকে টিএসসি এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়। মাহফুজ তাদের কথা না মানলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈকত ও তার সাথে থাকা কয়েকজন মাহফুজকে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

কিন্তু কিছুক্ষন পর কিছু অনলাইন নিউজ পোর্টালে দেখা যায় ‘ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলা হয়েছে’ শিরোনামে সংবাদ প্রকাশ হচ্ছে। যা আমাদের বিষ্মিত করেছে। যেখানে মাহফুজের উপর হামলা হলো সেখানে উল্টো ছাত্রদলকেই দোষারোপ করা হচ্ছে। এই ধরণের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

একইসাথে এই ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছেন সংগঠনটি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর