পলিটেকনিকে যেকোনো বয়সে ভর্তি হওয়া যাবে : শিক্ষামন্ত্রী

কর্মমূখী শিক্ষার প্রসারে পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে এখন থেকে কোনো বয়সসীমা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (০১ জুলাই) তিনি কারিগরি শিক্ষার উন্নয়ন সংক্রান্ত এক অনলাইন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, অনেক মানুষ আছে যাদের কারিগরি দক্ষতা অনেক ভাল। কিন্তু সার্টিফিকেটের জন্য ভাল বেতনের চাকরি কিংবা ভাল কিছু করতে পারছেন না। সেক্ষেত্রে তিনি যদি চান ও যদি তার প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা থাকে তাহলে ওই ব্যক্তি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে।

সভায় তিনি ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.৫ থেকে কমিয়ে ২.৫, মেয়েদের ক্ষেত্রে জিপিএ ৩ থেকে কমিয়ে ২.২৫ করার সিদ্ধান্ত দেন। পাশাপাশি ডিপ্লোমা কোর্সে ভর্তি ফি ১ হাজার ৮২৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৯০ টাকা করার বিষয়ে সিদ্ধান্ত দেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীনের সভাপতিত্বে সভায় আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন , মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ , কারিগরি বোর্ডের চেয়ারম্যান ড. মো. মুরাদ হোসেন মোল্লাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর