যশোরে নকল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে পুলিশে চাকরি নেয়ার মামলায় দুই পুলিশ সদস্যের নামে চার্জশীট গঠন করেছেন পুলিশ। যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের কাওছার আলীর কন্যা কনস্টেবল নম্বর ৫০৬ সোনিয়া খাতুন (নড়াইল) ও বাঘারপাড়ার নরসিংহপুর গ্রামের দিপন বিশ্বাসের ছেলে কনস্টেবল নম্বর ৭৪৯ নব কুমার বিশ্বাসের নামে এই চার্জশীট গঠিত হয়।
তদন্ত শেষে এই মামলার চার্জশীট জমা দিয়েছেন এসআই ফকির ফেরদৌস আলী। উক্ত চার্জশিটে পলাতক দেখানো হয়েছে নব কুমার বিশ্বাসকে।
জানা যায়, ২০১৩ সালের ৬ জানুয়ারি যশোর পুলিশ লাইন্স ময়দানে কনস্টেবল পদে নারী ও পুরুষ নিয়োগ পরীক্ষায় চুড়ান্তভাবে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হন সোনিয়া খাতুন ও নব কুমার বিশ্বাস। যথারীতি ৬ মাসের প্রশিক্ষন শেষে তাদেরকে কর্মস্থলে পাঠানোও হয়। পরে তাদের দেয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যাচাই করে জানা যায় দু’টোই ভুয়া।
যার প্রেক্ষিতে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর যশোর পুলিশ রিজার্ভ অফিসের আরওআই পরিদর্শক এম মশিউর রহমান বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে তাদের দেয়া মুক্তিযোদ্ধার সনদ মন্ত্রনালয়ের মাধ্যমে যাচাইয়ে জাল-জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতের এ চার্জশীট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্ত সোনিয়া খাতুন জামিনে মুক্ত আছে।
বার্তাবাজার/এসজে