নেত্রকোনার খালিয়াজুরির দুর্গম হাওরে রাস্তাবিহীন সেতুর উপর ঘর নির্মাণ করে মানুষের বসবাস করতে দেখা গেছে। উপজেলার চাকুয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে উপস্থিত এই রাস্তাবিহীন সেতুটি। তবে অনুসন্ধানে গেলে সংশ্লিষ্টরা দায় এড়িয়ে যাওয়ার জন্য একে অপরের উপর দোষ চাপিয়ে যাচ্ছেন।
এলজিইডির খালিয়াজুরি উপজেলার প্রকৌশলী মো. ইউসুফ আলী বলেন, এটা ত্রাণ মন্ত্রণালয় থেকে করা হয়েছে। পরিকল্পনা ঠিক না থাকায় এমন হয়েছে। এটি মূলত ফরিদপুর থেকে লেপসিয়া বেড়িবাঁধের সড়কের উপর ব্রিজ। নিচে দিয়ে বাইপাস সড়ক আছে। তবে মাপজোক করে এলজিইডি থেকে তারা প্রস্তাবনা পাঠিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা রাজিব আহমেদ জানান, চাকুয়া ইউপির গোরস্থানের খালের উপর ৪০ ফুট দৈর্ঘ্যের ব্রিজটি ৩০ লাখ ৮৯ হাজার ৩০৮ টাকায় কাজটি করেন ঠিকাদারী প্রতিষ্ঠান হাবিব এন্টারপ্রাইজ। তবে এটি বাস্তবায়নে আগের কর্মকর্তা দায়িত্বে ছিলেন বলে তিনি দাবী করেন।
একইসাথে ব্রিজের সংযোগ সড়ক না থাকার কথা স্বীকার করে তিনি বলেন আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ঘরটি কে বা কারা তুলেছে তিনি জানেন না বলেও মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই এইচ এম আরিফুল ইসলাম বলেন, আমি অবশ্যই খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।
বার্তাবাজার/এসজে