হতদরিদ্রদের জন্য সাভার উপজেলা পরিষদের ঈদ উপহার

ঢাকার সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলাধীন ১২টি ইউনিয়নের হতদরিদ্র ছয়শো পরিবারের জন্য চাল, ডাল, তৈল, লবন, সুজি, সাবান সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (১ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সার্বিক ব্যবস্থাপনায় এসব পণ্য সামগ্রী বারজন ইউপি চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়।

উপস্থিত গণমাধ্যমকে এসময় উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, করোনাভাইরাস সংক্রমনের পর থেকে সাভার উপজেলাধীন প্রতিটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে আমরা খাদ্য সহায়তা প্রদান করেছি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ১২টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে ইউনিয়ন প্রতি ৫০টি পরিবারের জন্য ৫০টি কার্টুন হস্তান্তর করেছি। এতে ৬০০ হতদরিদ্র পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী রয়েছে। এসব খাদ্য সামগ্রী গরীব ও অর্থনৈতিকভাবে দুর্বল নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হবে।

পণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর