চট্টগ্রামে করোনা উপসর্গে পুলিশ সদস্যের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ওই পুলিশ সদস্যের নাম আ ফ ম জাহেদ (৪১)। তিনি সিএমপির ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, “ট্রাফিক কনস্টেবল আ ফ ম জাহেদ ২৩ জুন কর্তব্যরত অবস্থায় অসুস্থতাবোধ করলে বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেন। চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। করোনা উপসর্গ থাকায় ২৫ জুন পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। সে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।”

“হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) আ ফ ম জাহেদের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বিভাগীয় পুলিশ হাসপাতাল ও পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। বুধবার (০১ জুলাই) দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

মৃত পুলিশ সদস্য আ ফ ম জাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার মোহাম্মদ জয়নাল আবদীনের ছেলে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর