রেলপথে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি বাণিজ্যের আলোচনা

নভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে স্থলপথের পাশাপাশি রেলপথেও রপ্তানি বাণিজ্যের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। এরইমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও নৌ মন্ত্রণালয়ের সমন্বয়ে আলোচনা হয়েছে। খুব দ্রুত তা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানা গেছে।

এদিকে রেলপথে বাণিজ্যের খবরে আশার সঞ্চার হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তারা বলছেন, রেলপথে রপ্তানি বাণিজ্যে পণ্য পরিবহনে বড় ভূমিকা রাখবে। বাণিজ্য প্রসারের ব্যাপক সম্ভাবনা দেখছেন বন্দর কর্মকর্তারাও।

বুধবার(০১ই জুলাই) সকালে বেনাপোল স্থলবন্দরের উপ—পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন।

এ সময় উপ—পরিচালক বলেন, রেলপথে আমদানির পাশাপাশি রপ্তানি বাণিজ্য চালু হলে বেনাপোল বন্দরের গুরুত্ব অন্যান্য সব বন্দরের চাইতে আরও বেশি বেড়ে যাবে। এরইমধ্যে বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও নৌ মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। স্থানীয়ভাবে বন্দর ও কাস্টমসের মধ্যেও কয়েকবার বৈঠক হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন খুব দ্রুত বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দর আমদানি—রপ্তানি সমিতির সহ—সভাপতি আমিনুল হক বলেন, প্রায় সময় হরতাল, অবরোধ ও শ্রমিক আন্দোলনে স্থলপথে পণ্য পরিবহনে বাধাগ্রস্ত হয়। রেলপথে সব ধরনের পণ্য রপ্তানি বাণিজ্য চালু হলে এ সমস্যা থেকে ব্যবসায়ীরা রক্ষা পাবে।

বন্দর সূত্রে জানা গেছে, করোনার মধ্যে আড়াই মাস বন্ধ থাকার পর গত ৭ জুন থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য কিছুটা স্বাভাবিক হলেও এখন পর্যন্ত বন্ধ রয়েছে রপ্তানি বাণিজ্য। এতে ভারতে প্রবেশের অপেক্ষায় বেনাপোল বন্দরে প্রায় দুই শতাধিক ট্রাক রপ্তানি পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। রোদ, বৃষ্টিতে যেমন পণ্যের গুনগত মান নষ্ট হচ্ছে তেমনি ব্যবসায়ীদের লোকসানের পাল্লাও ভারী হচ্ছে।

এ অবস্থায় বাংলাদেশ অংশের ব্যবসায়ীরা স্থলপথে ভারতীয় ব্যবসায়ীদের সাথে রপ্তানি বাণিজ্য সচলের জন্য বার বার চেষ্টা করে ব্যর্থ হন। করোনা সংক্রমণের অজুহাত দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ রপ্তানি পণ্য নিতে চাইছে না। অবশেষে রেল পথে আমদানির পাশাপাশি রপ্তানি বাণিজ্য’র পরিকল্পনা করা হচ্ছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর