পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের খিদিরপুর হাড়লপাড়া থেকে ৩টি মেছো বাঘের ছানা উদ্ধার করেছে পাবনা বন বিভাগ। মঙ্গলবার বিকেলে বাঘের ছানাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকালে হাড়লপাড়া গ্রামে নেপিয়ার ঘাসের জমিতে মেছো বাঘের ছানাদের পড়ে থাকতে দেখেন মফিজ উদ্দিন খানের ছেলে জাফর ইকবাল। তারপর তিনি স্থানীয় সংগঠন ও পাবনা বন বিভাগকে বিষয়টি জানান। খবর পেয়ে পাবনা জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার রঞ্জিবুল আমিন ও ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার বন কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাচ্চা তিনটি উদ্ধার করেন।
পাবনার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে বাঘের বাচ্চাগুলো উদ্ধার করি। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে এই বাচ্চাগুলো জন্ম নিয়েছে। বাচ্চাগুলো খুব ছোট হওয়ায় আমরা ফিডারে করে দুধ পান করিয়েছি। রাজশাহী অফিসের বন্যপ্রানী বিভাগের পরিচর্যা কেন্দ্রে রাখার জন্য আজ বুধবার পাঠিয়ে দেয়া হয়েছে।
কয়েকদিন আগেই একই উপজেলার মাজপাড়ার মন্ডলপাড়ায় একটি সাড়ে ৪ ফুট লম্বা মেছো বাঘ আটক করে স্থানীয়রা। আটকের পর বাঘটি লোহার খাচা ভেঙ্গে পালিয়ে যায়।
বার্তা বাজার / ডি.এস