আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পার করেছেন মুশফিকুর রহিম। গত (২৬ মে) বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ১৫ বছর পূর্ণ হয় তার। আর সেই দিন ভক্তদের জন্যে একটি বিশেষ ঘোষণা দেন এই টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান।
দেশ সেরা এই ব্যাটসম্যান ১৫ বছর পূর্তির দিনে দিয়েছেন ফাউন্ডেশন গড়ার ঘোষণা। মুশফিক জানিয়েছেন নিজের নাম ও জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে তার ‘এমআর ১৫’ ফাউন্ডেশনের যাত্রা শুরু করবেন। আর নিজের ফাউন্ডেশনের জন্যে একটি লোগো প্রয়োজন তার।
সেই লোগো ডিজাইন করতে দিয়েছেন ভক্তদের। সেখান থেকে সেরা পাঁচ লোগো ডিজাইনকারীর জন্য আকর্ষনীয় পুরস্কারেরও ব্যবস্থা রেখেছেন তিনি। করোনার স্থবিরতা কাটলে সেরা পাঁচজনকে নিয়ে একসঙ্গে পাঁচ তারকা হোটেলে ডিনার করবেন তিনি। আর তাদের মধ্যেও সেরা ডিজাইনকারীর জন্য রয়েছে স্বাক্ষর করা মুশফিকের একটি জার্সি।
দীর্ঘ এক মাসেরও বেশি সময়ের মধ্যে ১৭০০’র বেশি লোগো ডিজাইন পেয়েছেন মুশফিক। সমর্থকদের এমন ভালোবাসা পেয়ে অভিভূত খোদ মুশফিক। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান এই টাইগার ক্রিকেটার।
মুশফিক জানান, “আশা করি সবাই ভাল আছেন। লোগোর ডিজাইন জমা দেয়ার আনুষ্ঠানিকতা শেষ হল কিছুক্ষন আগে। গতমাস থেকে প্রতিযোগিদের অংশগ্রহণে আমি অভিভূত। সবমিলিয়ে ১৭০০’র অধিক প্রতিযোগি তাঁদের লোগো জমা দিয়েছেন। এটাই প্রমাণ করে আপনারা কতটা উৎসাহ নিয়ে কাজটা করেছেন।
এতো ডিজাইনের মধ্য থেকে সেরা পাঁচ বেছে নেয়া দুঃসাধ্য কাজটা আমাকে করতে হচ্ছে।জয়ীদের সাথে আমি দ্রুত যোগাযোগ করবো এবং মহামারী পরিস্থিতির উন্নতি ঘটলে আমরা এক সঙ্গে ডিনার করবো। আমার প্রতি ভালোবাসা দেখানোয় এবং প্রতিযোগিতায় অংশ নেয়ায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।”
কে.এ.স/বার্তাবাজার