বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম পাটকল বন্ধ করে শ্রমিকদের জীবন ও জীবিকা ধ্বংসের আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে পাটকল শ্রমিক ও পাটচাষিদের ঐক্যবদ্ধ করে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।’ মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বলেন, ‘পাটকলের প্রায় ৭০ হাজার শ্রমিক ও তাদের পরিবারের প্রায় ৩ লাখ সদস্য এবং পাটচাষি পরিবারের ৩ কোটি সদস্য পাট ও পাট শিল্পের সঙ্গে যুক্ত। তাদের জীবন-জীবিকা ধ্বংসের সিদ্ধান্ত থেকে সরে আসুন।’
তিনি জানিয়েছেন, গড়ে বর্তমানে পৃথিবীতে ১৯ লাখ হেক্টর জমিতে ৩২ লাখ মেট্রিকটন পাট উৎপাদন হয়। তিনি বলেন, ‘যার শতকরা ২৫ ভাগেরও বেশি অর্থাৎ ৮.৩৩ লাখ মেট্রিকটন বাংলাদেশে উৎপাদন হয়ে থাকে। অথচ বিশ্বব্যাপী পাটপণ্যের চাহিদা ও গুরুত্ব বাড়লেও বিশ্বের সবচেয়ে উচ্চ মানসম্পন্ন পাট উৎপাদনকারী বাংলাদেশ তার সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। আর ভারত বাংলাদেশ থেকে পাটের কাঁচামাল কিনে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিদেশে বিক্রি করে মুনাফা গড়ছে। পাট ও পাটজাত দ্রব্যের উৎপাদন ও বিকাশের জন্য যে পরিমাণে মনোনিবেশ করা প্রয়োজন আমাদের রাষ্ট্র তা করছে না, বরং পাটকলগুলো বন্ধের ষড়যন্ত্র করছে।’
বার্তা বাজার / ডি.এস