ফরিদপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কামাল শেখ (৩০) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা মোশাররফ নামের অপর এক আরোহী আহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী আড়তের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোক্তার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত কামাল মোটরসাইকেল চালিয়ে কাদিরদী বাজার থেকে মোশাররফ নামের একজনকে নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় বোয়ালমারী থেকে আসা ঢাকাগামী পিয়াজভর্তি একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয় ও সাথে থাকা মোশাররফ নামে অপর মোটরসাইকেল আরোহী আহত হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ট্রাক ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যান।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, পুলিশ পৌঁছানোর আগেই নিহতের লাশ তার পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছে। ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে আনা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর