সম্পত্তির লোভ: বৃদ্ধাশ্রম থেকে বাবাকে নিয়ে আবারও রাস্তায় ফেলে গেলো সন্তান !
ঝিনাইদহে স্টোক করে প্যারালাইজড হওয়ায় আশরাফুল জামান (৬০) কে রাস্তায় ফেলে যায় সন্তানরা। তারপর সেখান থেকে ঝিনাইদহ পুলিশের মাধ্যমে প্রায় ২ মাস আগে ঠাঁই হয় মিরপুরের চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে।
আজ (মঙ্গলবার) সকালে হটাৎ করেই বড় ছেলে বিল্লাল হোসেন ওই বৃদ্ধাশ্রমে আসেন বাবাকে বাসায় নিতে এবং নিয়েও যান। কিন্তু; মিরপুর থেকে ঢাকার সাভারে নিয়ে সন্ধ্যায় আবারও ফেলে রেখে যায় বাবা আশরাফুল জামানকে।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের পরিচালক মিল্টন সমাদ্দার বার্তা বাজারকে বলেন, ৬ মে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের মাধ্যমে আমরা আশরাফুল জামানকে গ্রহন করি। আজ (মঙ্গলবার) সকাল ৬ টার দিকে হটাৎ করেই খবর পেলাম আশরাফুল জামানকে নিতে তার ছেলে আসছে বৃদ্ধাশ্রমে। আমি ৯ টার দিকে এসে কাগজপত্র রেডি করে বিদায় দিলাম। কিন্তু সন্ধ্যার পর আশরাফুল জামানই আমাদের জানান তাকে সাভার নিউ মার্কেট এলাকার একটি গলিতে ফেলে রেখে পালিয়েছে ছেলে বিল্লাল।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশরাফুল জামানের কিছু টাকা, জায়গা-সম্পত্তির লোভে ছেলে বিল্লাল হোসেন তাকে নিতে রাজি হয়। পরে হয়ত দিতে রাজি না হওয়ায় আবার ফেলে রেখে যায়। আমরা ঘটনাটি ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানকে জানিয়েছি।
এ ব্যাপারে অভিযুক্ত বিল্লাল হোসেনের সাথে বার্তা বাজারের পক্ষ থেকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও রিসিভ করেননি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বার্তা বাজারকে জানান, বিল্লাল হোসেন তার বাবা আশরাফুল জামানকে ভাল রাখবেন বলে আমাদের কাছে জানায় এবং গ্রহণ করে। কিন্তু তার বাবাকে আবারও রাস্তায় ফেলে যাওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/এস.আর