মরণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে লকডাউন করা হয় রাজধানীর পূর্ব রাজাবাজার। ২১ দিন পর খুলে দেয়া হয়েছে পরীক্ষামূলকভাবে লকডাউন চলা রাজধানীর এই ওয়ার্ডটি। নতুন করে আর এই ওয়ার্ডে লকডাউন বাড়ানো হচ্ছে না। মঙ্গলবার রাত থেকে ওই এলাকার লকডাউন খুলে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান ইরান।
তবে লকডাউন খুলে দিলেও আরও সাতদিন সীমিত পরিসরে চলাচল থাকবে বলে জানান তিনি। কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেন, লকডাউন শেষ হলেও এলাকাটিতে নিয়ন্ত্রণ বজায় রেখা চলা হবে। তবে এলাকার কোনো বাড়িতে যদি করোনা রোগী থাকে তাহলে কেবল সেই বাড়িটি আরও কিছুদিন লকডাউন করা হতে পারে।
লকডাউন খুলে দিলেও সংক্রমণ রুখতে সর্বদা সতর্কতাসহ স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন বলে জানান কাউন্সিলর ফরিদুর রহমান ইরান।এদিকে নতুন করে লকডাউনের আওতায় পড়তে যাচ্ছে রাজধানীর ‘রেড জোন’ চিহ্নিত এলাকার ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডের আটটি রোড।
আগামী শনিবার সকাল ৬টা থেকে সেখানে লকডাউন শুরু হবে। লকডাউনের আওতাধীন রোডগুলো হলো – টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা–সিলেট হাইওয়ের জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন, লারমিনি স্ট্রিট, হরী স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট।
মঙ্গলবার বিকালে লকডাউন বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা শেষে ডিএসসির মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের এসব তথ্য দেন।উল্লেখ্য, গত ১০ জুন থেকে ১৪ দিনের জন্য পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন শুরু হয়। পরে আরও সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।
প্রথম দিন থেকে ২০ জুন পর্যন্ত ২১ জুন পর্যন্ত ১১ দিনে এই এলাকার মোট ২০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যা মোট আক্রান্তের সাড়ে ১৯ শতাংশ।
২০ জুন ১৯ জনের পরীক্ষায় কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। লকডাউনের শেষ ৯ দিনের তথ্য এখনও পাওয়া যায়নি।
কে.এ.স/বার্তাবাজার