রাজশাহীর বাঘায় পদ্মার চরে অবস্থিত চরকালিদাসখালী সরকারি প্রাইমারি স্কুলের ভবনটি টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়েছে। এর আগে দুইবার টেন্ডার আহ্বান করা হলেও মূল্য বেশি হওয়ায় ক্রেতা পাওয়া যায়নি।
আজ (মঙ্গলবার) সরকারি মুল্য কমানোয় উন্মুক্ত টেন্ডারে স্কুলের ভবনটি বিক্রি করা হয়।
জানা যায়, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে চরকালিদাসখালী প্রাইমারি স্কুলের এই ভবনটি ১৯৯৮ সালে একতলা পরে ২০১১ সালে দোতলায় উন্নীত করা হয়। পদ্মা নদীর করাল গ্রাসে ভাঙতে ভাঙতে আর মাত্র ৩০ মিটার দূরে চলে এসেছে নদীর সীমানা।
তাই দেখে উপজেলার উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন শেষে স্কুলটি স্থানান্তরের সিদ্ধান্ত নেন এবং ভবনের উন্মুক্ত টেন্ডারের আহ্বান করা হয়। যার প্রেক্ষিতে ২ লাখ ৫৩ হাজার টাকা নির্ধারণ করে উন্মুক্ত টেন্ডার আহ্বান করায় ভবন বিক্রি হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেন বলেন, স্কুলটি টেন্ডারে বিক্রি করা হয়েছে। এটি না হলে ভবন চকরাজাপুর হাইস্কুলের মতো পদ্মাগর্ভে চলে যেত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, নদীভাঙ্গন ও বন্যার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমবার ও দ্বিতীয়বার কেউ এগিয়ে আসেননি। তৃতীয়বার টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়েছে।
বার্তাবাজার/এসজে