সাতক্ষীরার শ্যামনগরে করোনায় আক্রান্ত এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে মিটিং করে কোয়ারেন্টাইনে গেছেন আরও ১২ চেয়ারম্যানসহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। আগামী সাতদিন তারা স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
মঙ্গলবার (৩০ জুন) থেকে আগামী সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন তারা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা জানান, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম শোকর আলীর করোনাভাইরাস শনাক্ত হয়। তার সঙ্গে মিটিং করেছেন ১২ চেয়ারম্যান ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই। এজন্য সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী বলেন, করোনা পজিটিভ শনাক্ত হওয়া ইউপি চেয়ারম্যানের সঙ্গে সভায় উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে