বিশ্বকাপে অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্যে দলেকে শিরোপা জিতিয়েছেন বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের সময় সন্তানের জন্মের জন্য পরিবারের সঙ্গে থাকবেন নিয়মিত অধিনায়ক জো রুট, তার জায়গায় অধিনায়কত্ব করবেন তার সহকারী স্টোকস। মঙ্গলবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, ইসিবি।
এ সপ্তাহের শেষের দিকে জন্ম নেওয়ার সম্ভাবনা আছে রুটের দ্বিতীয় সন্তানের। বুধবার এজিয়েস বোউলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাবেন রুট। এরপর হাসপাতাল ছাড়ার পর নিজ বাসায় ৭ দিনের সেলফ-আইসোলেশনে থাকতে হবে তাকে। ৮ জুলাই থেকে সাউথাম্পটনে শুরু প্রথম টেস্টে তাই থাকছেন না তিনি। স্টোকসের সহকারি হিসেবে দায়িত্ব পালন করবেন জস বাটলার। ১৩ জুলাই ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন রুট।
রুটের অনুপস্থিতিতি তাই স্টোকসকে দিচ্ছে প্রায় অনন্য এক অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট কেন, লিস্ট ‘এ’ বা প্রথম শ্রেণিতেও এর আগে অধিনায়কত্ব করেননি এই অলরাউন্ডার। তার নেতৃত্ব দেওয়ার অফিশিয়াল অভিজ্ঞতা বলতে ডারহামের একাডেমিতে কয়েক ম্যাচ দায়িত্ব পালন। তবে ড্রেসিং রুমে স্টোকস বেশ দায়িত্বশীল ব্যক্তিত্ব বেশ অনেকদিন ধরেই।
কেএস/বার্তাবাজার