বোদায় পুকুরের পানিতে পড়ে একই গ্রামের দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে রাহাত আলী (২) ও শুভ ইসলাম (২.৫) নামে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সোনাচান্দী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রাহাত আলী ও শুভ ইসলাম ওই এলাকার রুবেল ইসলাম ও খলিলুর রহমানের ছেলে। শিশু দুইটির পারিবারিক সূত্রে জানা যায়,বিকেলে রাহাত ও শুভ খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পাড়ে চলে যায়।

খেলার ছলে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। শিশু দুইটিকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে শিশু দুইটিকে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।

বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু জানান, শিশু দুইটি বাড়ির পাশে থাকা পুকুরের পাশেই খেলা করছিল। অসাবধানতাবশত শিশু দুটি পুকুরের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান পানিতে ডুবে রাহাত ও শুভ নামে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর