যশোরে রিপন হত্যার খুনি আদালতে স্বীকারোক্তি

অবশেষে যশোরের বাঘারপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাকু দিয়ে রিপন হত্যার আসল কারণ জানা গেল খুনি বরকতউল্লাহর নিজ মুখে আদালতে স্বীকারোক্তি জবানবন্দিতে।

জবানবন্দিতে বরকতুল্লাহ স্বীকার করেছেন, মোটরসাইকেল মেরামত নিয়ে বাগবিতণ্ডার পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গতকাল সোমবার (২৯শে জুন)যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুরুল ইসলাম জবানবন্দি শেষে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।রিপনের হত্যাকারী বরকতউল্লাহ যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ার মৃত মাহফুজুর রহমানের ছেলে।

বরকতউল্লাহ আদালতকে জানান, রবিবার দুপুরে দ্বিতীয় স্ত্রী পিংকিকে নিয়ে বাঘারপাড়া উপজেলা শহরে গিয়েছিলেন তিনি। তার মোটরসাই কেলের যান্ত্রিক ত্রুটি ছিল। মেরামতের জন্যে বাঘারপাড়া মাইক্রো স্ট্যান্ডে শিমুলের গ্যারেজে যান তিনি। এ নিয়ে শিমুলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে তাকে কিলঘুষি মারেন বরকত। এমন ঘটনা দেখে পাশে থাকা মহিরণ গ্রামের মধ্যপাড়ার মনিরুল ইসলামের ছেলে শওকত হোসেন রিপনসহ কয়েকজন সেখানে এগিয়ে যান। ঘটনার এক পর্যায়ে বরকত রিপনকে চাকু দিয়ে বুকে আঘাত করেন। এতে রিপন মাটিতে পড়ে যান।

তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। ওইদিনই বরকতউল্লাহকে আটক করা হয়। একই দিন বাঘারপাড়া থানায় মামলা করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে জবানবন্দি প্রদান করেন বরকতুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর