যশোরে ভাইয়ের হাতে ভাই খুন

যশোর বাঘারপাড়া বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষ নগর গ্রামে মদ্যপ বড় ভাইয়ের হাতে ছোট ভাই রিপন হোসেন (৩০)নামে একজন খুন হয়েছেন।

সোমবার (২৯ জুন)রাতে ঘটনাটি ঘটে। অভিযুক্ত বিপ্লব হোসেন (৩৫) কে এরই মধ্যে আটক করেছে পুলিশ।খুনি এবং খুন হওয়া দুইজন হলেন বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের হরমুজ আলীর ছেলে।

রিপনের স্ত্রী সুকুরন খাতুন জানান, আমার ভাসুর বিপ্লব হোসেন প্রায়ই নেশা করে বাড়িতে ঢুকতেন। এ নিয়ে আমার স্বামীর সাথে প্রায়ই গন্ডগোল হতো। এ নিয়ে কয়েকবার মারপিটও করেছে আমার স্বামীকে।

সোমবার রাত ১২ টার দিকে রিপন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় তার বড় ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে মাথার পেছনে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহ্ আলম রুবেল বলেন, রাত ১ টার দিকে রিপনকে হাসপাতালে আনা হয়েছিল। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কানে রক্ত পড়ছিল ও বাম চোখের নিচে রক্ত জমে ছিল।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, অভিযুক্ত বিপ্লব হোসেনকে মঙ্গলবার (৩০ জুন) সকালে ঘটনাস্থলের পাশের জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর